এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী এলাকার মোঃ নাজু মিয়ার ছেলে মোঃ রাজিব উদ্দিন (২৫) এবং নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মোঃ রমজান আলীর ছেলে মোঃ ফজলে রাব্বী ওরফে রাব্বী (২৭)।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, রাজিব উদ্দিন বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। সাজা হওয়ার পর তিনি গ্রেপ্তার এড়িয়ে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাজিবের অবস্থান শনাক্ত করে ১৮ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বগুড়া সদর থানার হাজরাদিঘী বলিয়াপাড়া এলাকায় অভিযান চালায় সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর একটি অভিযানিক দল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজলে রাব্বী ওরফে রাব্বীকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া সদর থানার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১২-এর অভিযানিক দল।
এসআরবি সূত্র আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান আরও জোরদার করা হবে।

