স্টাফ রিপোর্টার:
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বগুড়া জেলা থেকে এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম.আর. ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম আহমেদ পিপিএম, জেলা পরিষদের প্রশাসক জনাব এ.কে.এম আহসানুল তৈয়ব জাকিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন দুপচাঁচিয়া মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রভাষক (লাইব্রেরিয়ান) মোছাঃ নাজমুন নাহার।
দীর্ঘদিনের বকেয়া অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পরিশোধে সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে। দেশের ৬৪ জেলার সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এ অর্থ পাঠানো হচ্ছে।
সরকারের এ উদ্যোগে দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার অর্থের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

