মিন্টু ইসলাম:
মাদকমুক্ত বগুড়ার শেরপুর উপজেলা গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবন ও পরিবহনের অভিযোগে ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— মো. তুষার খন্দকার (৪২) তিন মাস, মো. মুকুল হাসান (২৮) দুই মাস, শ্রী তন্ময় সরকার (২৬) তিন মাস, মো. আব্দুর রহমান সাব্বির (৩২) দুই মাস, মো. জাহিদুল ইসলাম (৪০) দুই মাস এবং মো. রুমেল বিজয় (২২) এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, “অভিভাবকদের প্রতি অনুরোধ, উঠতি বয়সী সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী উদ্দেশ্যে টাকা খরচ করছে সেদিকে নজর রাখুন। অসৎ সঙ্গ ও মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষা করতে পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই।”
তিনি আরও জানান, মাদকমুক্ত শেরপুর উপজেলা গঠনের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

