রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (FNB)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় FNB নেতৃবৃন্দ এনজিও কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। তারা রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় যানজট, অটোরিকশার আধিক্য, মাদক নিয়ন্ত্রণ, পদ্মার চরে অতিথি পাখি শিকার বন্ধ, শিরোইল বাসস্ট্যান্ড স্থানান্তর, নিয়মবহির্ভূতভাবে এনজিও কার্যক্রম পরিচালনা বন্ধ এবং মব কালচার প্রতিরোধে কার্যকর পুলিশি পদক্ষেপের দাবি জানান।
এ ছাড়া এনজিও-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট রিজিওনাল অফিসের সঙ্গে যোগাযোগের বিষয়েও আলোচনা হয়।
সভায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সংঘটিত ঘটনায় নিরাপত্তাকর্মীর বিষয়ে পুলিশের নেওয়া কার্যকর পদক্ষেপের জন্য FNB নেতৃবৃন্দ পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে আরএমপির চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অভিযান আরও জোরদারের আহ্বান জানান তারা।
পুলিশ কমিশনার নেতৃবৃন্দের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, এনজিও কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের আর্থিক প্রতারণা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি এনজিওগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এনজিওসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে আরএমপির আইনশৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করতে তিনি এনজিও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহীর FNB নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

