এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) সকাল ১০টায় শহরের দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে এ ক্যাম্পের আয়োজন করে বগুড়া জেলা বিএনপি। কর্মসূচিতে সহযোগিতা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বগুড়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, শহিদুন্নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব খলিলুর রহমান খলিল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও সোহেল খন্দকারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও মহানগর ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ রেজাউল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, মহিলা দলের হাজেরা বেগম, নিপা খাতুন, আলেয়া আক্তার মৌসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। মানবসেবামূলক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তারা।
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা সাধারণ মানুষকে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানান।

