দৈনিক প্রাণের শহর বিডি/আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছে ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার বিষয়েও আগ্রহী নয়াদিল্লি।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত দুটি প্রধান শর্তের কথা বিবেচনা করছে। প্রথমত, বাংলাদেশের সেনাবাহিনীকে তাকে গ্রহণের দায়িত্ব নিতে হবে। এ জন্য একটি সামরিক বিমান পাঠানোর প্রস্তাব রয়েছে। কারণ, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন। তবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্ট দিয়েও বাংলাদেশের সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয়ত, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় দণ্ডিত সাবেক একজন নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে নয়াদিল্লি।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় নীতিনির্ধারকেরা চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সে উদ্যোগ সফল হয়নি। ফলে বাংলাদেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করছে ভারত।
এ ছাড়া ভারতের ধারণা, শেখ হাসিনা দেশে ফিরে না এলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে সম্পন্ন হোক—এমনটাই প্রত্যাশা ভারতের।
তবে এসব প্রস্তাব ও শর্তের বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান কী, তা এই প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
সুত্র: বিবিসি

