দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি অসাধারণ সাফল্য অর্জন করেছেন। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW) উচ্চশিক্ষার জন্য তিনি প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি পেয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় জেমি প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে বড় ধরনের সহায়তা হবে।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার পর গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসব্যাপী সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন জেমি।
বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের এ আয়োজনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করার পর বাছাই প্রক্রিয়ায় জেমিসহ সাতজন শিক্ষার্থী মর্যাদাপূর্ণ এ বৃত্তির জন্য নির্বাচিত হন। তাদের মধ্যে দুজন সম্পূর্ণ বিনা খরচে ভর্তির সুযোগ পেয়েছেন, যার একজন জেমি।
জেমির বাবা আফজাল আলী শায়েস্তাগঞ্জ পশ্চিম লেঞ্জাপাড়ার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সীমিত আর্থিক সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও জহুর চান বিবি মহিলা কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা চালিয়ে গেছেন জেমি।
ইংরেজি মাধ্যমে বিজ্ঞানভিত্তিক সামার স্কুলে অংশ নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও মেধার জোরে সেই চ্যালেঞ্জ জয় করে তিনি অর্জন করেছেন এই অনন্য সাফল্য।
জেমির এ অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। কলেজের শিক্ষকরা মনে করছেন, নানা প্রতিকূলতার মধ্যেও জেমির এই সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

