দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের।
মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় এর বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় প্রকল্পের গবেষকেরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রকল্পটির গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান প্রধানমন্ত্রীকে গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। তিনি মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশকে কাজে লাগিয়ে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও এর সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
গবেষকদের উপস্থাপনায় প্রকল্পটির মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং দেশের জ্বালানি উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরির বিষয়টি গুরুত্ব পায়। এ ধরনের প্রযুক্তি সফলভাবে বাস্তবায়ন করা গেলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিকল্প জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় নিয়ে এর বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্টদের মতে, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল হলে দেশের বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং বিকল্প জ্বালানির উৎস সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

