দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়ানো এবং গ্রাহকদের উন্নত টেলিযোগাযোগসেবা দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. মাও জুনইয়ং উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মি. জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট পরিচালক মি. মোহাম্মদ জাহেদ আলী এবং প্রকল্প পরিচালক মি. ঝু শিউবিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহ টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ব্যান্ড ব্যবহারের ফলে দেশের গ্রামীণ ও দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতা সম্প্রসারণের পাশাপাশি শহরাঞ্চলে ভবনের অভ্যন্তরে নেটওয়ার্ক সংযোগের মান উন্নত করা সম্ভব হবে।
তুলনামূলকভাবে কম কম্পাঙ্কের হওয়ায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের রেডিও সংকেত অধিক দূরত্ব অতিক্রম করতে পারে এবং ভবনের ভেতরে সংযোগ উন্নত করতে সহায়তা করে। ফলে এ উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নির্ভরযোগ্য মোবাইল সংযোগ নিশ্চিত করা এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত টেলিযোগাযোগসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের এ উদ্যোগ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

