দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩ তম আসর। তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও এবারই প্রথম, দল বেড়েছে আগের চেয়ে ১৬টি।
গত বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপের সময়ের দূরত্বটা ৩ বছর ৬ মাস। বছর চারেক পূর্ণ হওয়ার আগেই। অবশ্য কাতারের মাটিতে হওয়া সর্বশেষ বিশ্বকাপটি প্রায় সাড়ে ৪ বছর পর (গরমের কারণে শীতকালে নিয়ে যাওয়া হয়েছিল) হওয়ায় এবার সেই জুন মাসেই শুরু হচ্ছে বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। দেশটির রাজধানী মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ এর খেলায় মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দলই। ওই বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।
আয়োজক দেশগুলো যার যার দেশে আয়োজন করতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে, কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানটি হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়)। কানাডার আয়োজন বাংলাদেশ সময় আগামীকাল রাতে। আর শনিবার ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান।
এবারের আসরে মোট ফাইনালসহ মোট ম্যাচ ১০৪টি। সবমিলিয়ে ১৬টি মাঠে আয়োজিত হবে বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ সর্বোচ্চ ৭৮ ম্যাচ হবে আমেরিকায়। সমান ১৩টি করে ম্যাচ মেক্সিকো ও কানাডায়। মেক্সিকোতে ৩টি, কানাডায় দুটি ও সর্বোচ্চ ১১ মাঠে খেলা হবে যুক্তরাষ্ট্রে। মেক্সিকোর আজতেকা (ফিফার অফিসিয়াল স্পন্সরের কারণে শুধু বিশ্বকাপে নাম হবে- মেক্সিকো সিটি) স্টেডিয়ামে শুরু হয়ে আসরের পর্দা নামবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে।।

