এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আরাফাত হোসেন (৩২), পিতা: মোঃ ওসমান মণ্ডল, গ্রাম: পশ্চিম সিংড়া; মোঃ সানাউল ইসলাম (৩১), পিতা: মোঃ জবিবর সরদার, গ্রাম: পশ্চিম সিংড়া; মোঃ ইয়া রাসেদ (২১), পিতা: মোঃ সাজ্জাদ মণ্ডল, গ্রাম: বড় আখিড়া এবং মোঃ সোহেল রানা (৩২), পিতা: মোঃ মোহসিন আলী, গ্রাম: পশ্চিম সিংড়া, থানা: আদমদীঘি।
বুধবার (১৭ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক ও কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

