দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে ক্যাপ নিউনহ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সামরিক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিমানটি একটি সেসনা ৪৪১। এটি অ্যাঙ্কোরেজ থেকে ক্যাপ নিউনহ্যামের উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। পরে উদ্ধারকারী দল নিশ্চিত করে, বিমানটির কোনো আরোহীই বেঁচে নেই।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (NTSB) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটি ক্যাপ নিউনহ্যাম বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। ওই স্থাপনাটি মার্কিন বিমানবাহিনীর একটি দূরবর্তী এয়ারস্ট্রিপ, যা দীর্ঘপাল্লার রাডার সাইটে প্রবেশের জন্য ব্যবহৃত হয়।
ক্যাপ নিউনহ্যাম বিমানবন্দরটি দুর্গম এলাকায় অবস্থিত এবং সেখানে শুধু সামরিক ও অনুমোদিত চার্টার বিমান অবতরণের অনুমতি রয়েছে। বিমানবন্দরের রানওয়েটি পাহাড়ি ভূখণ্ডের ঢালে অবস্থিত।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ও NTSB দুর্ঘটনাটি তদন্ত করবে। নিহতদের পরিচয় স্বজনদের অবহিত করার পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: CNN, AP

