দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক
বাংলাদেশে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফ্লুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে আইসিআরসির দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি ও জরুরি সহায়তায় আইসিআরসির অবদানের কথা তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক মানবিক আইন কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে আন্তর্জাতিক মানবিক আইন প্রতিষ্ঠা ও প্রসারে সক্রিয়ভাবে কাজ করছে। এর অংশ হিসেবে বৈশ্বিক আন্তর্জাতিক মানবিক আইন উদ্যোগের ‘আইএইচএল অ্যান্ড পিস’ কর্মধারায় বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করছে। এছাড়া ২০২৬ সালের ডিসেম্বরে জর্ডানে অনুষ্ঠেয় ‘হাই-লেভেল কনফারেন্স অন হিউম্যানিটি ইন ওয়ার’-এ বাংলাদেশ সরকার
উপযুক্ত পর্যায়ে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছে বলেও জানান তিনি।
সাক্ষাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আইসিআরসির মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে আইসিআরসির বৈশ্বিক মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক মানবিক আইনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের পক্ষে আইসিআরসির পক্ষ থেকে আরও জোরালোভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সাক্ষাতে আইসিআরসির প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফ্লুরি বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি ও মানবিক কার্যক্রমে আইসিআরসির সহযোগিতা আরও জোরদারের প্রস্তুতির কথা জানান।
এ সময় বাংলাদেশ ও আইসিআরসির মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

