শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি বুরুডুবি কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাঙা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত ৩.৪৮৮ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। ইতোমধ্যে খননকাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে খালের দুই তীরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পের কাজের মান যাচাই করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী খাল পুনঃখনন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, প্রকল্পটি বাস্তবায়নের ফলে জলপ্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসন জানায়, প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

