দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (AAUB)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা–২০২৬ (NAGC-2026)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি তরুণদের উদ্ভাবনকে শুধু প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি আরও বলেন যে, বাংলাদেশের ক্রমবর্ধমান অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতের সম্ভাবনা কাজে লাগাতে দেশেই দক্ষ প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তিবিদ গড়ে তুলতে হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাঁর স্বাগত বক্তব্যে বলেন যে, এ আয়োজনের উদ্দেশ্য হলো দেশের Aviation, Aerospace, Drone ও Robotics প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক, প্রযুক্তিপ্রেমী ও সমমনাদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তাঁরা নিজেদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা উদ্ভাবনী ধারণা বাস্তবে উপস্থাপন করতে পারবে এবং সারা দেশের সমমনা শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা।
এছাড়া, দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণ উদ্ভাবকদের AAUB-এর আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের সুযোগ সৃষ্টি করা, যাতে তাঁরা নিজেদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব প্রযুক্তি ও কার্যকর সমাধানে দিতে পারেন। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় এমন দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ তৈরি করতে চায়, যারা দেশের ভবিষ্যৎ অ্যাভিয়েশন পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা ও আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। AAUB আশা করে, এ আযোজন থেকে উঠে আসা নতুন ধারণা ও উদ্ভাবন ভবিষ্যতে দেশের Aviation, Aerospace, Drone, Robotics ও Space Technology খাতে নিজয় সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনে কার্যকর অবদান রাখবে।
মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষায়িত ল্যাবরেটরি এবং অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশেষায়িত ল্যাবরেটরিসমূহের সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশগ্রহণ করছেন। বিভাগগুলো হলো—Rotorcraft (১৬টি দল, ৬৯ জন), Fixed Wing (১৭টি দল, ৮০ জন), Soccer Bot (৩৭টি দল, ১১৭ জন) এবং Space Robotics (৪টি দল, ৩০ জন)। এ আয়োজনের মাধ্যমে তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তিতে গবেষণা ও দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর ২০২৬ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

