দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত সম্রাট নারুহিতোর পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পাঠানো অভিনন্দনবার্তা হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তারা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল জাপানের সম্রাটের অভিনন্দনবার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও গভীর ও বিস্তৃত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

