https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday, 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী

admin
November 15, 2026 12:17 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

নভেম্বর ২০২৬: বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনর্ব্যবহারকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য চক্রাকার অর্থনীতি শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; বরং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর ব্লু জোনে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ক্যান গ্রোথ আউটরান ওয়েস্ট?’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি কাঁচামাল ও সম্পদ ব্যবহার করা হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহারের আওতায় আসে। উৎপাদন ও ভোগব্যবস্থার এই ব্যবধান পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে এবং মূল্যবান সম্পদের অপচয় ঘটাচ্ছে। চক্রাকার অর্থনীতির মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তনের পাশাপাশি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বন্যার সময় ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ফেলার স্থান ক্ষতিগ্রস্ত হলে জনস্বাস্থ্য, পরিবেশ ও মানুষের জীবিকার ওপর সরাসরি প্রভাব পড়ে। তাই বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির অপরিহার্য অংশ।

মন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে থ্রি-আর কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে। প্লাস্টিক বর্জ্যের জন্য উৎপাদকদের সম্প্রসারিত দায়বদ্ধতা (ইপিআর) ব্যবস্থা তৈরি করা হয়েছে। ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও জানান, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত পরিশোধন স্থাপনা প্রতিষ্ঠা করেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে চক্রাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার রয়েছে। এর আওতায় কঠিন বর্জ্য, চিকিৎসা বর্জ্য, বস্ত্রশিল্পের বর্জ্য ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে বর্জ্য থেকে পুনর্ব্যবহারযোগ্য উপাদান পৃথক ও সংগ্রহের জন্য ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন এবং প্রতিটি বিভাগে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণে জলবায়ু সহনশীলতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো গড়ে তোলা জরুরি। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়—এমন বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা কখনো টেকসই হতে পারে না।

প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজক প্রতিষ্ঠান এবং পরিবেশ অধিদপ্তর কারিগরি অংশীদার হিসেবে কাজ করছে।

তিনি বলেন, প্লাস্টিক বর্জ্যের ভিত্তিমূলক সমীক্ষা ও কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি সরকার আরও বিস্তৃত ও সমন্বিত কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি সরকারি-বেসরকারি পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনা খাতে আন্তর্জাতিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগ সহায়তার জন্য যেমন আন্তর্জাতিক তহবিল রয়েছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনা খাতের জন্যও বিশেষ আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রথমে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং পরবর্তী পর্যায়ে বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বাস্তবায়নে বাংলাদেশের কারিগরি সহায়তা, অর্থায়ন এবং কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব প্রয়োজন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনায় চক্রাকার অর্থনীতির মাধ্যমে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিডের সঞ্চালনায় প্যানেল আলোচনায় জার্মানির পরিবেশ ও জলবায়ুমন্ত্রী ড. হেইক হ্যানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।