এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচার এবং অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজগার আলী। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ারুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, সহ-সভাপতি শাহিনুর আলম, মোরশেদুল ইসলাম সুইট, আব্দুল হাই সিদ্দিকী, আব্দুল কাদের রানা, জামিল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেওয়ার পর তৎকালীন সরকার কঠোর দমন-পীড়নের পথ বেছে নেয়, যার ফলে বহু মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন।
প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মতিন বলেন, আন্দোলনের সংকটময় সময়ে শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা আহত আন্দোলনকারীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং নানা উপায়ে সহযোগিতা করেছেন। তিনি দাবি করেন, দমন-পীড়ন, গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের মাধ্যমে একটি আদর্শিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
তিনি আরও বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে এবং আন্দোলনের ফলাফল দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে।
সমাবেশ থেকে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের পুনর্বাসনেরও আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

