এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এমপি।
কর্মসূচির উদ্বোধনকালে তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী এবং জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম।
এ সময় বিডি ক্লিনের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বিডি ক্লিন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

