এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে একটি করে নিমগাছের চারা ও পানির মগ তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবশিষ্ট ৫৭ হাজার মগ ও নিমগাছের চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হচ্ছে। জন্মদিনের আনন্দকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ। তিনি প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি গাছের পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তাঁর দাবি, সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সহিংসতা নয়, দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ ও অর্থনৈতিক অগ্রগতি প্রত্যাশা করে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে মীর শাহে আলম অভিযোগ করেন, কয়েকটি স্থানে থানা, রাজনৈতিক নেতাদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য, জননিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনে প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জিয়া পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে দেশের দায়িত্ব পালন করেছেন। দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য সামনে রেখে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে।
মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার বিষয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় এসব পৌরসভায় নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, উন্নত যোগাযোগব্যবস্থা, কার্যকর পানি নিষ্কাশন এবং আধুনিক নগরসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

