দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল ক্যাপলানের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেছে।
প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধিদলের এ বৈঠকে সময়স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী অংশ নিতে পারেননি। বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ.কে.এম. ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরে বাংলাদেশের সঙ্গে মেটার সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্মসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতকে আরও শক্তিশালী করার সম্ভাবনাও উঠে আসে। বিশেষ করে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ডিজিটাল বাণিজ্যের বিকাশে সহায়তা করতে পারে, সে বিষয়ে মতবিনিময় হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মেটার একটি অফিস স্থাপনের জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানান। একই সঙ্গে অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, বৈঠকে বাংলাদেশ ও মেটার পারস্পরিক সম্পর্ক, ডিজিটাল অর্থনীতি এবং অনলাইন নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক ও ভবিষ্যতমুখী মতবিনিময় হয়েছে।

