এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচির আওতায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দুপুরে মোকামতলা মহিলা কলেজ, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং জিনিয়াস মডেল স্কুলে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থা। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা কৃষি অফিস।
আয়োজকেরা জানান, ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং প্রতিটি শিক্ষার্থীর মাধ্যমে একটি করে গাছ রোপণের সংস্কৃতি গড়ে তোলা। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, সংস্থার উপদেষ্টা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাছ আলী সরকার, মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, মোকামতলা মহিলা কলেজের অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং জিনিয়াস মডেল স্কুলের পরিচালক মোকলেছুর রহমান।
বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তারা এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজার রহমান, মোহাম্মদ আলী, শফিউল আলম ডিউ, মোকামতলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখাইরুল ইসলাম রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
আয়োজকদের মতে, শুধু চারা বিতরণ নয়, বরং প্রতিটি শিক্ষার্থী যেন গাছটি নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলে—সেই সচেতনতা তৈরিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।

