এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজ শেষে উপজেলার বরকতিয়া জামে মসজিদে বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বন্ধন ৯৮’ এ আয়োজন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আফজাল হোসেন, সহকারী শিক্ষক মরহুম ইকবাল স্যারসহ প্রয়াত সকল শিক্ষকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষকদের আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক প্রভাষক জামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, এনামুল হক এবং বন্ধন ৯৮-এর আব্দুর রাজ্জাক, পারভেজ, আনারুল, শরিফুল ইসলাম, সজিব, রশিদুর রহমান রানা, সুমন, ফারুক, শামিম, সাইদ, হারুন, মাসুদ, খাইরুল, জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, যাঁদের স্নেহ, শিক্ষা ও দিকনির্দেশনায় তাঁরা জীবনের পথচলার ভিত্তি গড়ে তুলেছেন, সেই প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষকদের সম্মান জানাতে এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

