দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে সংঘটিত তিনটি বহুল আলোচিত ঘটনায় দ্রুত আসামি গ্রেফতার, সফল তদন্ত এবং বীরত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এসব পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের অবদান তিনটি আলোচিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট—
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় দ্রুত আসামি গ্রেফতার, ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং সফল তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রমে সহায়তা করায় পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন, এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের ৯ সদস্যকে পুরস্কৃত করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্ব
ঈদুল আজহার পর নিয়মিত দায়িত্ব পালনকালে দৌলতদিয়া ফেরিঘাটে জীবনের ঝুঁকি নিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে দ্রুত যাত্রীদের নামিয়ে অন্তত ৫০ জনের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিন নৌ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
গজারিয়ার ক্লু-লেস কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন
মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণ, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মাত্র এক দিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন এবং চার আসামিকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিশ্চিত করায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের সদস্যরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন। তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

