দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ফরিদা পারভীন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের ইহধাম ত্যাগে সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের কিংবদন্তিতুল্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন বাউল গানের মূর্ছনায় সঙ্গীতপ্রিয় মানুষদের আপ্লুত করেছেন। তাঁর কন্ঠে গাওয়া গানগুলি সঙ্গীতপ্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করবে। লালনগীতি ছাড়াও শিল্পী জীবনে প্রয়াত ফরিদা পারভীন নানামাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালবাসা লাভ করেছেন। তাঁর মৃত্যুতে লোকসঙ্গীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শুন্যতার সৃষ্টি হলো।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

