এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন। তিনি দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের একপর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। এ সময় উপস্থিত অতিথিরা শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

