এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. আরিফ বিল্লাহ (২৪) এবং একই গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মো. আলম (৫০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত দুজনকেই তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একজনকে ১০০ টাকা এবং অপরজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

