এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার মোকামতলাকে নতুন পৌরসভা ও থানা হিসেবে অনুমোদন দিয়েছে সরকার। এর আগে এলাকাটিকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। নতুন পৌরসভা ও থানার অনুমোদনের খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে হাজারো মানুষের অংশগ্রহণে বের করা হয় আনন্দ মিছিল। পরে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে উদ্যাপন করেন এলাকাবাসী।
সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে মোকামতলাকে পৌরসভা ও থানা হিসেবে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।
বিকেলে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে হাজারো মানুষ অংশ নেন। মিছিল থেকে নতুন পৌরসভা ও থানা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মাহমুদ হাসান তৌফিক বলেন, মোকামতলাকে প্রথমে উপজেলা এবং পরবর্তী সময়ে পৌরসভা ও থানা হিসেবে অনুমোদন দেওয়া এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, নতুন পৌরসভা ও থানার কার্যক্রম দ্রুত চালু হলে স্থানীয় জনগণকে প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণের জন্য আগের মতো দূরবর্তী স্থানে ছুটতে হবে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি মোকামতলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ অর্জনে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক মামুন তালুকদার, রুহুল আমিন ফটু ও আব্দুস সালাম। এ ছাড়া শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল ও সমাবেশ শেষে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। সন্ধ্যায় আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে নতুন পৌরসভা ও থানা অনুমোদনের আনন্দ উদ্যাপন করেন স্থানীয় বাসিন্দারা।

