এম,এ রাশেদ, বগুড়ার শিবগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই ২০২৬) শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর এলাকায় গাংনাই নদীতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি বৃদ্ধি, কৃষিজমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। এমন অভিযোগের ভিত্তিতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে ইউএনও জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, “পরিবেশ সংরক্ষণ এবং নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ও আশপাশের এলাকার পরিবেশ এবং কৃষিজমি হুমকির মুখে পড়ছিল। সময়োপযোগী এ অভিযানের ফলে অবৈধ কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন, দখল এবং সংশ্লিষ্ট সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।

