এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলীতে অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বাবু (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মো. বাবু রানীরপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মো. বাবুর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

