এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার,
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) ভোররাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কার্যালয়ে হামলা চালিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে এবং অফিসের টিনের বেড়া খুলে ভিতরের আসবাবপত্র ভাঙচুর করে পালিয়ে যায়।
স্থানীয়রা ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা।
বিএনপি নেতাদের অভিযোগ, কার্যালয়টি দীর্ঘদিন বন্ধ থাকলেও ৫ আগস্ট সরকারের পতনের পর স্থানীয় নেতাকর্মীরা মেরামত করে পুনরায় কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু সম্প্রতি মশাল মিছিল ও ককটেল নিক্ষেপের ঘটনার পর গ্রেফতার হওয়া কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর জামিনে মুক্তির পর উত্তেজনা তৈরি হয় এবং এই ভাঙচুর তারই ধারাবাহিকতা হতে পারে।
বিএনপির উপজেলা সাবেক সদস্য মোখফিজুর রহমান বাচ্চু বলেন, “এই হামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির একটি চেষ্টামাত্র। আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।”
অন্যদিকে, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

