এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (৫ আগস্ট) এক বিশাল বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি নন্দীগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় ব্যানার-ফেস্টুন বহন করেন।
র্যালী শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিকুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চুসহ উপজেলা ও পৌর কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা তাঁদের বক্তব্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার, জনগণের প্রত্যাশা পূরণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

