এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে মাদকবিরোধী আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হাটকড়ই ডিগ্রি কলেজে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সাবগ্রাম, বগুড়ার উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মসূচিগুলোর আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো সমাজের ওপর পড়ে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এতে মাদকবিরোধী সচেতনতার পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গঠনের বার্তাও তুলে ধরা হয়।
হাটকড়ই ডিগ্রি কলেজে আয়োজিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ডি. ইঞ্জিনিয়ার পলিন হাসান।
মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম. নাজমুল সাদাত। হাটকড়ই ডিগ্রি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ মোতাহারুন।
বক্তারা শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ ও মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সরকারের মাদকবিরোধী চলমান কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

