মিন্টু ইসলাম:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ার শেরপুরে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল শোডাউনসহ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য দেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সাহাবুল করিম, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, কাউসার কলিন্স, মামুনুর রশীদ আপেলসহ উপজেলা মহিলা দলের নেত্রী এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের যেকোনো স্থানে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হলে তা সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

