এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা বিএন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। তিনি বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মতো পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করা সম্ভব। একই সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া। অনুষ্ঠানে সারিয়াকান্দি উপজেলা শাখা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান লাকী, সিনিয়র সহসভাপতি রওশন হাবিব বিদ্যুৎ, কামরুন নাহার, সেলিনা হাসান জেলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

