এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এতে প্রায় ৪৫ থেকে ৫০ জন আমন্ত্রিত অতিথি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ সাইদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক মো. কালাম আজাদসহ জেলার গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, “পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশন বা সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বগুড়াকে দেশের অন্যতম মডেল ও পরিচ্ছন্ন নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।”
সভায় বগুড়া মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী (হিরু), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হক, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কালাম আজাদসহ অন্যান্য সদস্যরা।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আহ্বায়ক কমিটি দ্রুত বগুড়া সিটি কর্পোরেশনের ২১টি ওয়ার্ডে ১৫ সদস্যবিশিষ্ট ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা কমিটি গঠন করবে। এসব কমিটির মাধ্যমে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে নিয়মিতভাবে সম্মাননা ও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও দায়িত্ববোধ সৃষ্টি হয়।
সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্তও গৃহীত হয়। এই হটলাইনের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ, ড্রেনেজ সমস্যা কিংবা অন্যান্য নাগরিক সেবাসংক্রান্ত অভিযোগ ও পরামর্শ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবেন।
সভায় বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। তারা জেলা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
সভায় উপস্থিত অংশীজনরা বগুড়াকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

