এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় চুরি হওয়া একটি ইজিবাইকসহ শিহাব উদ্দিন (৩০) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিহাব উদ্দিন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহড়ী গ্রামের মাফু কালামের ছেলে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বরিয়া তিনমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ওইদিন সকাল আনুমানিক ৬টার দিকে সোনারগাঁ গ্রামের হারুন অর রশিদের ছেলে ইজিবাইক চালক মাসুদ রানা তার ইজিবাইকটি গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী কেও গ্রামে হবির মোড় এলাকায় জনৈক হাজী মো. আতাউরের ধান ভাঙ্গা মিলের পাশের পাকা রাস্তায় রেখে কাঁচা বাজার করতে যান। বাজার থেকে ফিরে এসে তিনি দেখতে পান ইজিবাইকটি চুরি হয়ে গেছে।
পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে চোর শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

