এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ উল্লাহ নিজামী। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা তথ্যআপা আয়েশা খাতুনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বাড়ির আশপাশে পানি জমে থাকা, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই নিয়মিতভাবে বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

