এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল বাছেদ শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াহুরী গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল বাছেদ শেখ ওই এলাকার মৃত খলিল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার একটি দল রোববার রাতে পূর্ব গুয়াহুরী গোসাইবাড়ী গুচ্ছগ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল বাছেদ শেখকে তার বসতবাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তি ওই এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৭, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর ১৬৫।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল বাছেদ শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

