এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সিয়াম হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে মহাস্থান মধ্যপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক সিয়াম ওই গ্রামের প্রবাসী ফেরদাউছ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাস্থান মধ্যপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপলের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্যও নিরূপণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, “মহাস্থান এলাকাসহ পুরো উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

