এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনিগ্রাম এলাকায় একটি রাইসমিল থেকে মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক বৃদ্ধের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মোহাম্মদ আলী সরকার ফেনিগ্রামের পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত কছির উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রোববার (৫ জুলাই ২০২৬) রাতে খাবার খেয়ে তিনি নিজ রাইসমিলে রাতযাপনের জন্য যান।
সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল প্রায় ৭টার দিকে পার্শ্ববর্তী ডাবইর গ্রামের আতোয়ার নামে এক ব্যক্তি মরিচ ভাঙাতে মিলে এসে মোহাম্মদ আলীকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয় ভ্যানচালক আব্দুল আজিজকে বিষয়টি জানান। পরে আব্দুল আজিজ নিহতের পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মিলের পেছনের দরজা খোলা দেখতে পান।
পরিবারের সদস্যরা মিলের ভেতরের কক্ষে একটি চৌকির ওপর মোহাম্মদ আলীর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে ও মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে, রাইসমিলের বিদ্যুৎ ট্রান্সফরমারটি ভাঙচুর করা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করেছিল। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
খবর পেয়ে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন এবং এসআই এসএম জুবায়ের হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় কয়েকজনের ধারণা, ট্রান্সফরমার চুরির সময় মোহাম্মদ আলী দুর্বৃত্তদের দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনই নিশ্চিত কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

