শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ধুনটমোড়ে যাত্রী ছাউনি ও পুলিশ বক্স নির্মাণকাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নির্মাণকাজের লে-আউট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ এবং সাজু কন্সট্রাকশনের প্রতিনিধি গোলাম রব্বানী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ধুনটমোড়ে পুলিশ বক্স ও যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮০ হাজার টাকা।
নির্মাণকাজ সম্পন্ন হলে ধুনটমোড়ে যাত্রীদের অপেক্ষার জন্য নির্ধারিত স্থান তৈরি হবে। পাশাপাশি পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে ওই এলাকায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্যও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা তৈরি হবে।
স্থানীয় পর্যায়ে যাত্রীদের অপেক্ষার সুবিধা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী সদস্যদের কর্মপরিবেশ উন্নয়নে এ অবকাঠামো সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

