শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে অসহায় মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে এক বৃদ্ধার কাছ থেকে প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেন হাতিয়ে নিয়ে পালিয়েছে দুই যুবক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই বোন কাজলী খাতুন ও রমিসা খাতুন জানান, ভোটার আইডি কার্ড-সংক্রান্ত কাজে তারা সকালে উপজেলা নির্বাচন অফিসে যাচ্ছিলেন। অফিসের সামনে পৌঁছালে দুই যুবক তাদের পথরোধ করে নিজেদের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দেয়। তারা দাবি করে, তাদের প্রতিষ্ঠান থেকে দরিদ্র ও অসহায় মানুষকে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
একপর্যায়ে প্রতারকরা কৌশলে তাদের জানায়, ওই সহায়তা পেতে হলে নিজেদের অসহায় হিসেবে প্রমাণ করতে হবে। এজন্য শরীরে থাকা স্বর্ণালঙ্কার খুলে রাখতে হবে বলেও তারা জানায়।
তাদের কথায় সরল বিশ্বাসে রমিসা খাতুন গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেন খুলে ওই যুবকদের হাতে দেন। এরপর যুবকরা দুই বোনকে কোর্টপাড়া সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে ‘অফিসারের কাছ থেকে টাকা নিয়ে আসছি’ বলে সেখান থেকে চলে যায়।
দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা ফিরে না আসায় দুই বোনের সন্দেহ হয়। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে দুপুরে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী কাজলী খাতুন বলেন, “আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা টাকা দেওয়ার কথা বলে চেনটি নিয়ে পালিয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদ এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

