এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার পৃথক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে ছয় মাস এবং অপরজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দুজনকেই ২ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন—আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. তাহসান প্রামাণিকের ছেলে মো. মাহমুদুল হাসান (২৪) এবং গোবিন্দপুর সাহানাপাড়া এলাকার মৃত আজিজার আলী সাহানার ছেলে মো. সজীব আলী সাহানা (২৮)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. মাহমুদুল হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. সজীব আলী সাহানাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আদমদীঘিতেও অভিযান জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

