মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরে দিনে-দুপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অভিযোগে বলা হয়েছে, চোরচক্র প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় শফিকুল ইসলামের স্ত্রী ও শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুরা বেগম শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) দুপুরে পৌর শহরের খেজুরতলা (খন্দকারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে বাসায় তালা দিয়ে মাকসুরা বেগম বিদ্যালয়ে যান। দুপুর ১২টার দিকে ভবনের চতুর্থ তলার এক ভাড়াটিয়া তাকে ফোন করে জানান, তার বাসায় চুরি হয়েছে।
খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন, আলমারির ড্রয়ার ভাঙা এবং সেখানে রাখা তার নিজের, তার মায়ের ও এক আত্মীয়ের স্বর্ণালঙ্কার নেই। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল স্বর্ণের মালা, বালা, দুল, চেইন, ব্রেসলেট, আংটি ও লকেটসহ প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৫০ হাজার টাকা।
মাকসুরা বেগম আরও জানান, সকাল সাড়ে ১১টার দিকে চতুর্থ তলার এক ভাড়াটিয়া নিচে নামার সময় দেখতে পান, তৃতীয় তলার ফ্ল্যাটের দরজার হ্যাজবোল্ট বাইরে থেকে লাগানো ছিল। পরে বিষয়টি জানাজানি হলে চুরির ঘটনা প্রকাশ পায়।
এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

