দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে শেরপুর উপজেলা ছাত্রদলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের আওতাধীন শেরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব হোসেন সোহাগসহ জেলা, শহর, দুই কলেজ ও শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহাদাত হোসেনের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সম্মেলন ঘিরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

