এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে অপহরণ মামলার ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) ও এসআরবি-১৩-এর যৌথ আভিযানিক দল। এ সময় মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. সাইদুর রহমান (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে ঠাকুরগাঁও সদর থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া কিশোরী সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল সাইদুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সারিয়াকান্দির ফুলবাড়ি বাজার এলাকায় পৌঁছালে সাইদুর রহমান ও তার সহযোগীরা একটি অজ্ঞাত মাইক্রোবাসে করে তাকে নিয়ে যায়।
ঘটনার পর কিশোরীর মা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে সারিয়াকান্দি থানায় মামলা করেন।
পরে এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি গ্রেপ্তার এড়াতে ঠাকুরগাঁও সদর থানার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-১২-এর একটি দল এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের সদস্যদের সঙ্গে সমন্বয় করে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে সাইদুর রহমানকে গ্রেপ্তারের পাশাপাশি অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

