এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার লক্ষ্মীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও নিহতদের স্বজনরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় শত শত নারী-পুরুষ অংশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) এবং তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই পরিবারের তিন ভাই জামিল উদ্দিন, তোফাজ্জল হোসেন ও রেজাউল করিমের মধ্যে পৈতৃক তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৮ মে সকালে ওই জমি নিয়ে নতুন করে বাকবিতণ্ডার একপর্যায়ে রেজাউল করিম ও তার দুই ছেলে রাব্বি মণ্ডল (২৭) এবং আবদুল আহাদ (২৩) দেশীয় অস্ত্র ও ধারালো চাকু নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ সময় ইয়াছিন আলী ও সুমন মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ইয়াছিন ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে সুমনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত চারজন আহত হন।
ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “খুনিদের ফাঁসি চাই” ও “অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার করো” স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। প্রধান আসামি রেজাউল করিম ও রাব্বি মণ্ডল পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পরে দুপুরের দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

