এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের নবাববাড়ী সড়কের চেলোপাড়া এলাকায় অবস্থিত ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনের সময় ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি লক্ষ্য করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই টেবিল পরিষ্কার না করেই সেখানে খাদ্য প্রস্তুতের কাজ চলছিল।
এছাড়া, খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। একই সঙ্গে কারখানার কর্মীদের স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা অনুসরণে গুরুতর ঘাটতি পরিলক্ষিত হয় বলে ভ্রাম্যমাণ আদালত উল্লেখ করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অভিযোগের বিষয়ে দোষ স্বীকার করেন। এর ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল খাদ্য উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে সরকারি আইন, বিধি ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

