এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক তহবিল সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি, সম্পদ আহরণে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং কার্যকর দিকনির্দেশনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফান্ডরাইজিং ডিপার্টমেন্টের উদ্যোগে এবং সুইস রেড ক্রসের সহযোগিতায় ১৪ ও ১৫ অক্টোবর ২০২৬ তারিখে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটে ‘Branch Level Resource Mobilization Capacity and Guideline Development’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে তহবিল সংগ্রহের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্পদ আহরণের নতুন কৌশল, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং তহবিল সংগ্রহসংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে স্থানীয় পর্যায়ে সম্পদের কার্যকর ব্যবহার এবং সম্ভাব্য সহযোগীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
কর্মশালায় রেড ক্রিসেন্টের স্থানীয় পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে তহবিল সংগ্রহের সম্ভাবনা চিহ্নিত করা, প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য বাস্তবসম্মত কৌশল নির্ধারণের বিভিন্ন বিষয় উঠে আসে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ধরনের কর্মশালা স্থানীয় পর্যায়ে রেড ক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহে কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিকল্পিত তহবিল সংগ্রহব্যবস্থা ও সুস্পষ্ট নির্দেশিকা প্রণয়ন করা সম্ভব হলে দুর্যোগ মোকাবিলা, জরুরি মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
কর্মশালার মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে তহবিল সংগ্রহের দক্ষতা বৃদ্ধি, সম্পদ আহরণে নতুন সুযোগ তৈরি এবং মানবিক কার্যক্রমকে আরও টেকসই করতে কার্যকর নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়নের পথ সুগম করা।

